শিক্ষকদের ঈদ উৎসব ভাতা নিয়ে বড় সুখবর 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:৪৩ পিএম
ফাইল ছবি

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব এখনো তৈরি হয়নি। তবে শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর–এর একটি সূত্র জানায়, এদিন শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আগামী সপ্তাহে অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল ঈদ উৎসব ভাতার প্রস্তাব তৈরি করবে। পরে সেটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব বৃহস্পতিবারই পাঠানো হচ্ছে। ঈদ উৎসব ভাতার প্রস্তাব নিয়ে এখনো বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি। তবে এটি যথাসময়ে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর জানান, শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই উৎসব ভাতা পাবেন। বিষয়টি নিয়ে কাজ চলছে।

প্রতিবছরই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে উৎসব ভাতা পেয়ে থাকেন। এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ভাতা ছাড় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

এসএইচ