আসন্ন পাবলিক পরীক্ষাকে ঘিরে নকল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে শুধু শিক্ষার্থী নয়, দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা হবে সম্পূর্ণ নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত। কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।
এবার খাতা মূল্যায়নেও আসছে বড় পরিবর্তন। ‘গ্রেস মার্ক’ বা অনুকম্পার সুযোগ থাকছে না জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যা লিখবে, শুধুমাত্র তার ভিত্তিতেই নম্বর পাবে। মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। পর্যায়ক্রমে সব কেন্দ্রে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি থাকবে ‘লাইভ মনিটরিং’—কোনো কেন্দ্রে অস্বাভাবিক কিছু ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে হঠাৎ পরিদর্শনের জন্য আগের মতো বিশেষ অভিযানও চালানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এবারের পরীক্ষা ঘিরে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি থাকবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মুদ্রণ থেকে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় জোরদার নিরাপত্তা ও ডিজিটাল নজরদারি চালু করা হচ্ছে।
উল্লেখ্য, নতুন সরকারের অধীনে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
এম