জাবিতে ভেলা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য উদযাপন

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

নববর্ষকে সামনে রেখে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতায় মেতে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ‘চৈত্র সংক্রান্তি ১৪৩২’ উপলক্ষে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। এতে বিশ্ববিদ্যালয়ের ১১টি হল থেকে দুইজন করে মোট ২২ জন প্রতিনিধি অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম-বরকত হল। দ্বিতীয় হয় নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থান পায় কামাল উদ্দিন হল। বিজয়ী তিন হলের প্রতিনিধিদের পুরস্কার হিসেবে রাজহাঁস, মুরগি ও একজোড়া কবুতর দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই ভেলা বাইচ শুধু প্রতিযোগিতা নয়, বরং বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উদ্যোগ। এ ধরনের আয়োজন গ্রামবাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে।

উপাচার্য বলেন, নববর্ষ উদযাপনকে ঘিরে এমন আয়োজন পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করে।

এসএইচ