৪৭১ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধের নির্দেশ 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:০৬ পিএম
ফাইল ছবি

দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাল ও ভুয়া সনদ ব্যবহার করে নিয়োগ পাওয়া ৪৭১ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধের নির্দেশনা দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে এসব শিক্ষক-কর্মচারী ভুয়া সনদধারী হিসেবে শনাক্ত হন। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী তালিকাভুক্ত ৪৭১ জনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুধু বেতন বন্ধই নয়, তাদের এমপিও বাতিলের পাশাপাশি চাকরিকালে গ্রহণ করা বেতন-ভাতাও ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা যাচাই-বাছাই প্রক্রিয়ায় এসব অনিয়ম ধরা পড়ে। এখন শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হলে এমপিও খাতে শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে।

এসএইচ