চট্টগ্রাম থেকে কক্সবাজারে ১৫০ কিমি হাঁটবেন ঢাকা কলেজ রোভার স্কাউট

  • ঢাকা কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০২৬, ১১:০৩ এএম

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের উদ্যোগ নিয়েছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ। স্কাউটিংয়ের উচ্চতর ধাপ অর্জন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং শারীরিক-মানসিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে এই ‘প্রোগ্রাম হাইকিং’ আয়োজন করা হয়েছে।

জানা যায়, ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই পরিভ্রমণে অংশ নিচ্ছেন চারজন রোভার, মাহমুদুল হাসান শোভন (দলনেতা), মনির হোসেন (সহকারী দলনেতা), মো. সুমন ইসলাম ও মো. রাইসুল ইসলাম জিসান।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টায় যাত্রা শুরু করে সন্ধ্যার মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবেন তারা। প্রথম দিন ১০ মে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে গাছবাড়িয়া সরকারি কলেজ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করা হবে।

দ্বিতীয় দিন গাছবাড়িয়া থেকে লোহাগাড়া উপজেলা পরিষদ ডাকবাংলো (৩০ কিমি), তৃতীয় দিন লোহাগাড়া থেকে চকরিয়া (৩০ কিমি), চতুর্থ দিন চকরিয়া থেকে রামু (৩৫ কিমি) এবং শেষ দিন রামু থেকে কক্সবাজার সরকারি কলেজ পর্যন্ত ২৫ কিলোমিটার পথ হেঁটে যাত্রা শেষ করবেন তারা।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্ৰুপ জানান, এই পরিভ্রমণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দীর্ঘ পথ হাঁটার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শারীরিক ও মানসিক সহনশীলতা যাচাই করতে পারবেন। একই সঙ্গে পথে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তারা আরও জানান, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভূ-প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কাউট নীতি ও শৃঙ্খলা মেনে এ ধরনের কার্যক্রম তরুণদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এই উদ্যোগের সার্বিক সাফল্য ও অংশগ্রহণকারীদের সুস্বাস্থ্য কামনা করেছেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

এম