শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ১৬ দিনের টানা ছুটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১১:১১ এএম

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে ঘিরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৪ মে থেকে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে একযোগে ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক বন্ধের কারণে শিক্ষার্থীরা কার্যত ২১ মে ক্লাস শেষে দীর্ঘ অবকাশে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস অনুষ্ঠিত হবে। ফলে পরদিন থেকেই ছুটির আমেজ শুরু হয়ে যাবে শিক্ষার্থীদের মধ্যে।

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। সব মিলিয়ে এসব স্তরের শিক্ষার্থীরা প্রায় ১৬ দিনের টানা অবকাশ উপভোগ করবে।

অন্যদিকে মাদ্রাসাগুলোর ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসায় ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক বন্ধ মিলিয়ে ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে।

শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহা ও তীব্র গরমের সময় শিক্ষার্থীদের স্বস্তি দিতে প্রতিবছরই শিক্ষাপঞ্জিতে এ ধরনের দীর্ঘ অবকাশ রাখা হয়। এতে পরিবার নিয়ে ঈদ উদযাপন ও বিশ্রামের সুযোগ পায় শিক্ষার্থীরা।

এদিকে জুনের ছুটি শেষে জুলাই ও আগস্টেও কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)। সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমীসহ কয়েকটি উপলক্ষে ছুটি রয়েছে।

এম