ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনরা চাইলে সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘রোজার কারণে এ পরীক্ষা এক মাস এগিয়ে আসছে। তা না হলে আমরাতো চেয়েছিই এটা ফেব্রুয়ারির লাস্ট উইকে নিতে। এখন আবার শুনছি রোজার পরে এটা শেষ করার কথা। আমরাতো স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করেই কাজ করছি।’
পরীক্ষা এগিয়ে আনতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে বলে সাংবাদিকরা তুলে ধরলে মন্ত্রী বলেন, ‘তো ঠিক আছে, পাবলিক অপিনিয়ন যদি হয়, আবারও আমরা বসতে পারি।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেশের সিংহাভাগ মানুষের সম্পৃক্ততা রয়েছে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে জানুয়ারি মাসে আয়োজনের ঘোষণা শিক্ষামন্ত্রী গত ১৪ মে ঘোষণা দিয়েছিলেন। যা নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পিএস