৯ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৮:৩৮ পিএম
ফাইল ছবি

বিভিন্ন বিসিএসে শিক্ষা ক্যাডারে চাকরি পাওয়া ৯ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা প্রশাসন, নিরীক্ষা ও হিসাব এবং পুলিশ ক্যাডারের চাকরিতে যোগ দিয়েছেন। ওই কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় তাদের এই অব্যাহতি দেয়।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত কারণে নির্দিষ্ট তারিখ থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নাড়িয়া সরকারি কলেজের প্রভাষক উল্লাস পাল, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সায়মা শারমিন, নড়াইল সরকারি মহিলা কলেজের প্রভাষক শেখ মোহাম্মদ শরিফুল ইসলাম এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) উপপরিচালক মো. ওয়াজকুরনী।

এ ছাড়া শিক্ষা ক্যাডার ছেড়েছেন নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ টিপু সুলতান, নোয়াখালী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. ছালাউদ্দিন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক মো. মাজহারুল ইসলাম, পাংশা সরকারি কলেজের প্রভাষক রিফা সোনিয়া এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল মাওয়া মৌসুমী।

এসএইচ