স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৭, ১০:২৩ পিএম

ঢাকা: স্কুল-কলেজের ক্লাসরুমে(শ্রেণিকক্ষে) মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করেছে সরকার। এমনকি শিক্ষকরা পর্যন্ত মোবাইল ফোন নিয়ে ক্লাসরুমে ঢুকতে পারবেন না।

শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে এমন নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ১২ অক্টোবর এক অফিস আদেশে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। আদেশটি রোববার(১৫ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক-শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা বলছেন।

“এতে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনোযোগী হতে পারছে না। এটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।”

শ্রেণিকক্ষে কার্যকরী পাঠদান ও শিখন-শেখানো কার্যক্রম ‘শিক্ষার্থীবান্ধব ও গতিশীল করতে’ মোবাইল ফোনে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়।

নির্দেশনা মেনে শিক্ষকরা তাদের মোবাইল শিক্ষক লাউঞ্জে রেখে শ্রেণিকক্ষে রেখে যেতে হবে।

সরকারি এই নির্দেশ অমান্য করে কেউ শ্রেণিকক্ষে মোবাইল নিলে কী ব্যবস্থা নেওয়া হবে বা নির্দেশনাটি কীভাবে বাস্তবায়ন করা হবে, মাউশির অফিস আদেশ তারও কিছু উল্লেখ নেই।

বিষয়টি তোলা হলে মাউশির মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান বলেন, “পরে হয়ত আলাদা সার্কুলার জারি করে শিক্ষার্থীদের মোবাইল রাখার জন্য প্রতিষ্ঠানের ভেতরেই ব্যবস্থা রাখার কথা বলতে হবে।”

শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইলে কথা বললে কিংবা শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করলে শ্রেণিকার্যক্রমে ব্যাঘাত ঘটার বিষয়টি জানিয়েই তিনি বলেন, “তবে সবাই কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে ক্লাসে মোবাইল নিয়ে ঢোকে না। অনেকেই জরুরি প্রয়োজনেও মোবাইল ব্যবহার করে।”

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার এই আদেশটি মাউশির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ছাড়াও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে পাবলিক পরীক্ষার প্রশ্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে পাঠিয়ে দেয়ার প্রমাণ পেয়েছে সরকার। আর এসব কাজে স্বয়ং শিক্ষকরাই জড়িয়ে পড়েছেন বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন।

গত কয়েক বছর ধরে কোনো শিক্ষকই পাবলিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারেন না। পরীক্ষার সময় শুধুমাত্র কেন্দ্র সচিব ক্যামেরা নেই এমন সাধারণ মোবাইল (স্মার্ট ফোন নয়) ব্যবহার করতে পারেন।

সোনালীনিউজ/আতা