একদিনে ডেঙ্গু শনাক্ত আরো ৬৮ জনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৩২ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে ৬৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন চিকিৎসাধীন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১০ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ১৪২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৪৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত বছর তথা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। 

পিএস