ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। হামলার দ্বিতীয় দিন শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের পাল্টা আঘাতে পুরো অঞ্চল কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
ইসরায়েল জানিয়েছে, তারা এখন সরাসরি তেহরানের ‘কেন্দ্রস্থল’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানও থেমে নেই—ইসরায়েলসহ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।
ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে এমন শক্তি প্রয়োগ করা হবে যা ‘আগে কখনও দেখা যায়নি’। একইসঙ্গে তিনি ইরানের জনগণকে সরকার পরিবর্তনের আহ্বান জানান।
পুতিনের তীব্র প্রতিক্রিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির হত্যাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধাক্কা
ইসরায়েলের দাবি অনুযায়ী, প্রাথমিক হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহসহ অন্তত ৪০ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময় সশস্ত্র বাহিনীর প্রধান আবদুলরাহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, বিপ্লবী গার্ড প্রধান মোহাম্মদ পাকপুর এবং আলি শামখানিসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
নতুন অন্তর্বর্তী নেতৃত্ব
খামেনির মৃত্যুর পর একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। এতে রয়েছেন—
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এবং ধর্মীয় নেতা আলিরেজা আরাফি। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তারাই দেশ পরিচালনা করবেন।
বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানার ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ১৫০-এ পৌঁছেছে বলে তেহরান জানিয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যক্টিভিটিস নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির ১৮টি প্রদেশে অন্তত ১৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০০ জন আহত হয়েছেন।
ইরানের পাল্টা হামলা
ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এতে তেল আবিবে প্রায় ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৯ জন নিহত হয়েছেন।
কাতার, কুয়েত ও বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে। কাতারে তিনজন এবং কুয়েতে একজন নিহত হওয়ার তথ্য মিলেছে।
মার্কিন ও ব্রিটিশ বাহিনীর হতাহত
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সংঘাতে তাদের তিন সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বাহরাইনে অবস্থিত একটি ঘাঁটির কাছাকাছি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
আকাশসীমা বন্ধ, বিশ্ব বাণিজ্যে শঙ্কা
ইসরায়েল, ইরান, কাতার, কুয়েত, সিরিয়া, ইরাক ও বাহরাইন আকাশসীমা বন্ধ করে দেওয়ায় হাজারো যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে
খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে শোক মিছিল চলছে। তেহরানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছেন।
অন্যদিকে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। বাগদাদ ও কাশ্মীরেও বিক্ষোভ হয়েছে।
জাতিসংঘে জরুরি বৈঠক
এই সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার অনুরোধে জাতিসংঘের পারমাণবিক সংস্থা জরুরি বৈঠক ডাকছে বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল—মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত সামরিক সংঘাতের মুখে দাঁড়িয়ে।
এম