বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:১০ পিএম
ফাইল ছবি

ঢাকা: টানা দুই সপ্তাহ সর্বোচ্চ অবস্থানে থাকা আন্তর্জাতিক স্বর্ণবাজার নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হঠাৎ দরপতন হয়েছে মূল্যবান ধাতুটির। একই সঙ্গে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজারেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্পট গোল্ড প্রায় ২.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬২২ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসও ৩.৪ শতাংশ পর্যন্ত কমেছে। টানা চার দিনের ঊর্ধ্বগতির পর এই পতন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের ওপর আরও ‘আক্রমণাত্মক’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র তার প্রধান কৌশলগত লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি।

[268356]

এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দামে বাড়ে। ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দেওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়ে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন ও ডলার সূচক বেড়ে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়। ডলারের শক্তিশালী অবস্থান সাধারণত স্বর্ণের দাম কমিয়ে দেয়।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লেও সুদের হার উচ্চ থাকার সম্ভাবনা স্বর্ণের জন্য নেতিবাচক সংকেত। ফেডারেল রিজার্ভে সুদের হার কমানোর সম্ভাবনাও কমে এসেছে। সর্বশেষ হিসাবে, ২০২৬ সালের ডিসেম্বরের আগে সুদ কমার সম্ভাবনা মাত্র ১২ শতাংশে নেমে এসেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, সামনের দিনগুলোতে ভূরাজনৈতিক পরিস্থিতি ও সুদের হার নীতিই স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণ করবে।

এসআই