হরমুজ প্রণালি সচলে

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একজোট ক্ষমতাধর ৪০ দেশ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:০৬ এএম

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সচল রাখতে এবার একজোট হয়েছে ৪০টি দেশ। তবে এই বহুজাতিক উদ্যোগে অনুপস্থিত রয়েছে যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে প্রণালিটিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে। ২ এপ্রিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার-এর নেতৃত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে অংশ নেয় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধান খোঁজা। প্রণালিতে অচলাবস্থার কারণে ইতোমধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

এই জোটে ফ্রান্স, জার্মানি, জাপান এবং কানাডা-সহ বেশ কয়েকটি দেশ অংশ নিয়েছে। তারা সম্মিলিতভাবে ইরানের প্রতি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, এই সামুদ্রিক পথের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। একই সঙ্গে তিনি ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে ন্যাটো থেকে সরে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন।

জোটভুক্ত দেশগুলো সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনাকেই অগ্রাধিকার দিচ্ছে। এমানুয়েল ম্যাক্রোঁ সামরিক সমাধানকে অকার্যকর উল্লেখ করে সরাসরি ইরানের সঙ্গে সংলাপের ওপর জোর দিয়েছেন।

তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া এই সংঘাতের পর উপসাগরীয় অঞ্চলে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং প্রাণহানিও হয়েছে। এমন অনিশ্চিত পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি এখন হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি করছে।

এম