হজ ভিসা নিয়ে নতুন কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:১৫ এএম

পবিত্র হজ পালনকে কেন্দ্র করে নতুন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হজে অংশ নিতে হলে শুধুমাত্র ‘হজ ভিসা’ই বৈধ হিসেবে গণ্য হবে—অন্য কোনো ভিসায় এ ইবাদত পালনের সুযোগ থাকবে না।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য হজ পালনের একমাত্র অনুমোদিত মাধ্যম হলো সরকারিভাবে ইস্যুকৃত হজ ভিসা।

সংবাদমাধ্যম সৌদি গেজেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট, ট্রানজিট, ওমরাহ কিংবা টুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট করে জানানো হয়েছে।

তবে সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য কিছুটা ভিন্ন নিয়ম রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে হজ পারমিট সংগ্রহ করতে হবে।

এছাড়া হজের সব ধরনের বুকিং ও রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত ও সরকারি চ্যানেলের মাধ্যমেই করতে হবে বলে জোর দিয়েছে মন্ত্রণালয়। কোনো অননুমোদিত বা ভুয়া মাধ্যম ব্যবহার না করার জন্যও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং অনিয়ম বা প্রতারণা অনেকটাই কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এম