ঢাকা: হজ মৌসুমকে সামনে রেখে সোমবার (১৩ এপ্রিল) থেকে সরকারি অনুমতি ছাড়া কোনো প্রবাসী পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ‘অনুমতি ছাড়া হজ নয়’ স্লোগানে এ বছর হজ কার্যক্রম পরিচালিত হবে, যাতে হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যায়।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসীর কাছে মক্কা থেকে ইস্যু করা বৈধ ইকামা (বাসিন্দা অনুমতি), হজের পারমিট বা পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি রয়েছে, কেবল তারাই শহরে প্রবেশ করতে পারবেন। প্রয়োজনীয় অনুমতি না থাকলে প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্ট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।
এছাড়া, ওমরাহ ভিসায় সৌদি আরবে আসা বিদেশি যাত্রীদের জন্য ১৮ এপ্রিল (১ জিলকদ) শেষ সময় নির্ধারণ করা হয়েছে দেশত্যাগের জন্য।
১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র দেওয়া স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত সৌদি নাগরিক, প্রবাসী এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিক—সব শ্রেণির মানুষের জন্য প্রযোজ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং প্রক্রিয়াগুলো সহজতর করার প্রচেষ্টার অংশ হিসেবে ‘আবশির ইন্ডিভিজুয়ালস’ প্ল্যাটফর্ম এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিকভাবে হজের অনুমতিপত্র সংগ্রহ করা যাবে।
পিএস