ইরানে সামরিক ক্ষমতা প্রয়োগে সিনেটে ভোটাভুটি, এবারও জিতলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:১১ এএম

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকায় ডেমোক্র্যাটদের আনা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবটি ব্যর্থ হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৫২-৪৭ ভোটে নাকচ হয়ে যায়। ডেমোক্র্যাটদের উদ্যোগে আনা এই প্রস্তাবের লক্ষ্য ছিল কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো বন্ধ রাখা। তবে রিপাবলিকানদের বিরোধিতায় সেটি কার্যকর হয়নি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে ইরানে সংঘাতের সূচনা হয়। এরপর থেকে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ৮ এপ্রিল দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবুও সামগ্রিক পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

এই ইস্যুতে এটি ছিল চতুর্থবারের মতো সিনেটে যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাব উত্থাপন। প্রতিবারের মতো এবারও রিপাবলিকানদের বড় অংশ এর বিরোধিতা করেন। কেবল র‍্যান্ড পল একমাত্র রিপাবলিকান হিসেবে প্রস্তাবের পক্ষে ভোট দেন।

অন্যদিকে ডেমোক্র্যাট শিবিরেও দেখা গেছে ভিন্নমত। জন ফিটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন, যা বিষয়টিকে আরও আলোচনায় এনে দিয়েছে। আর রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোটদান থেকে বিরত থাকেন।

ডেমোক্র্যাট নেতারা জানিয়েছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযান চালানোর বিরোধিতা তারা অব্যাহত রাখবেন। সংঘাত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের প্রস্তাব সিনেটে উত্থাপন করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।

এম