ঈদুল আজহার নতুন সম্ভাব্য তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:১০ এএম

২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছর ঈদুল আজহা ২৭ মে উদযাপিত হতে পারে।

শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীন এই গবেষণা কেন্দ্র জানিয়েছে, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৬ মে আরাফার দিন (৯ জিলহজ) পালিত হতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ (কনজাংশন) ঘটবে, যা হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের ২৯ তারিখের সঙ্গে মিলবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট থাকবে এবং সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট পর্যন্ত তা দিগন্তে দৃশ্যমান থাকতে পারে—যা খালি চোখে চাঁদ দেখার জন্য অনুকূল।

এসএসএএইচের পরিচালক হামিদ এম. কে. আল নাঈমি জানান, এসব তথ্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যাতে বৈজ্ঞানিক হিসাব ও শরিয়াহভিত্তিক সিদ্ধান্তের সমন্বয় করা যায়।

তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এটি কেবল বৈজ্ঞানিক পূর্বাভাস। চাঁদ দেখার ভিত্তিতে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে সংশ্লিষ্ট দেশের সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষই।

এম