রাজনৈতিক অভিযোগে কবি মোহনকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী আয়োজনে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী কবিতায় পুরস্কারের জন্য মনোনীত ছিলেন মোহন রায়হান। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পুরস্কার প্রদান পর্বে তার নাম আর ডাকা হয়নি। পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

কবি মোহন রায়হান এক ফেসবুক পোস্টে দাবি করেন, প্রায় ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার কবিতা ‘তাহেরের স্বপ্ন’–এর কারণে একটি মহল তার পুরস্কার বাতিল করিয়েছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তিনি আরও বলেন, পুরস্কারের জন্য তিনি কারও কাছে তদবির করেননি এবং পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে তাকে নির্বাচিত করে। এমনকি আগের দিন পুরস্কারপ্রাপ্তদের রিহার্সেলেও তিনি অংশ নেন এবং অনুষ্ঠানের সূচনাতেও তার নাম ঘোষণা করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’-এর জন্য ৯ বিশিষ্টজনের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমি-র মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করা হয়। এতে কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় যৌথভাবে মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসানের নাম ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় সাময়িকভাবে তার পুরস্কার স্থগিত করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মোহন রায়হান সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। অতীতে বিভিন্ন রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে সংগঠন দুটি নিয়ে বিতর্কও রয়েছে। পুরস্কার স্থগিতের এ ঘটনায় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এসএইচ