সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন তাইজুল নামে এক তরুণ। ভাইরাল হওয়া ভিডিওতে নিজের জীবনসংগ্রাম ও চরের মানুষের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি। আট সদস্যের পরিবার, অসুস্থ ও শ্রবণপ্রতিবন্ধী বাবা–মাকে নিয়ে টানাপোড়েনের সংসার চালাতে ঢাকায় নির্মাণশ্রমিকের সহকারী হিসেবে কাজ করেন তিনি।
ভিডিওতে তাইজুল বলেন, পরিবারের কষ্ট ভুলতেই তিনি ভিডিও করেন। নিজেকে সাংবাদিক দাবি না করলেও তার উদ্দেশ্য স্পষ্ট-নিজ এলাকার সমস্যাগুলো সবার সামনে তুলে ধরা। তার অভিযোগ, নারায়ণপুর এলাকার খবর মূলধারার গণমাধ্যমে খুব একটা আসে না। সে কারণেই তিনি নিজ উদ্যোগে ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতাকে তুলে ধরার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ ট্রোলও করছেন। তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন। বরং তার লক্ষ্য চরের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের দুর্ভোগ সবার নজরে আনা।
বিশ্লেষকদের মতে, তাইজুলের মতো সাধারণ মানুষের এই উদ্যোগ গ্রামীণ বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাকে নতুনভাবে সামনে নিয়ে আসছে। মূলধারার গণমাধ্যম যেখানে পৌঁছাতে পারছে না, সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
তাইজুলের ভাইরাল হওয়া ভিডিও তাই শুধু ব্যক্তিগত গল্প নয়, বরং চরের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
এসএইচ