পঙ্গু হাসপাতালে ভর্তি সাংবাদিক তুহিন, পাশে সোনালীনিউজ পরিবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সোনালীনিউজ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনালীনিউজের বরিশাল ব্যুরো প্রধান তারিকুল ইসলাম তুহিন। গত মঙ্গলবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তারিকুল ইসলাম তুহিন দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসাধীন এই সহকর্মীর চিকিৎসায় সার্বিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সোনালীনিউজ পরিবার। ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে দেখতে যান সোনালীনিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন এবং মাল্টিমিডিয়া ইনচার্জ তরুন বেগী।

তারা তুহিনের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি ও পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এ সময় সোনালীনিউজ পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় সহায়তার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে তারিকুল ইসলাম তুহিনের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সোনালীনিউজ পরিবার তার পাশে থাকবে বলে আশ্বস্ত করেন বার্তা সম্পাদক।

এসএইচ