ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জনগণের সুস্পষ্ট রায়ে বিএনপির বিজয় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চিন্তাধারা দেশকে স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদী।
তিনি বিএনপি চেয়ারম্যানের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথাও স্মরণ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নতুন নেতৃত্বের পথচলায় প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেন তিনি।
মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা ও আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে সুসমন্বিত ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিএনপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পরিবর্তনের এই সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বও তিনি তুলে ধরেন।
বার্তার শেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নতুন সরকারের উদ্যোগ সফল হোক—এ কামনা করেন তিনি।
এম