মঙ্গলবার এমপি ও নতুন মন্ত্রিসভার শপথ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৪৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথগ্রহণ আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথও সম্পন্ন হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। তিনি জানান, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে এবং বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, সকালে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। আর বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বেসরকারি ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে।

এছাড়া ১১ দলীয় জোটের অংশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন। একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

এম