যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:১২ এএম

রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একটি অংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয় পাশের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা এ বন্ধের আওতায় পড়বেন।

কর্তৃপক্ষ জানায়, পঞ্চবটি মোড়ে প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুত প্রতিস্থাপনের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা থাকবে বলেও উল্লেখ করা হয়।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এম