ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হবে। প্রথম দিনই সংসদের স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য সরকারি দলের সংসদীয় সভা বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
এই সভায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত হবে।
সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদের জন্য ড. মঈন খান ও মেজর হাফিজ ছাড়াও আলোচনায় রয়েছেন বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন। আলোচনা রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনের নামও। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দল জামায়াতে ইসলামীকে দিতে চায় বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটি জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একইসঙ্গে নির্বাচিত হতে পারে।
জামায়াত না নিলে প্রথম দিনে দলীয় এমপিদের মধ্য থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করবে বিএনপি। এ পদের জন্যও কয়েকটি নাম আলোচনায় রয়েছে।
পিএস