দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকার পর অবশেষে আটক হলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই তিনি আড়ালে চলে যান। ওইদিন ছাত্র-জনতার আন্দোলনের সময় তাকে জাতীয় সংসদ ভবনের একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নেওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার কথাও জানা যায়।
এরপর থেকে তার অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল—তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজ বাসা থেকেই তার আটক হওয়ার খবর নিশ্চিত হলো।
এদিকে, তার বিরুদ্ধে রংপুরে আন্দোলন চলাকালে গুলিতে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাও রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের হওয়া ওই মামলায় তাকে অন্যতম প্রধান আসামি করা হয়। অভিযোগ অনুযায়ী, আন্দোলনের সময় সংঘর্ষে এলোপাতাড়ি গুলিতে ওই ব্যক্তি নিহত হন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম