বৃষ্টিতে ঘর থেকে বের হলেই মৃত্যু, এক দিনে ১৪ জনের প্রাণহানি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:০৩ পিএম
ফাইল ছবি

দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনায় এক দিনে ১৪ জনের প্রাণহানি হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে এসব ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত দুজন। খোলা মাঠ, নদীর চর কিংবা বাড়ির আঙিনায় অবস্থানকালে হঠাৎ বজ্রপাতেই বেশির ভাগ মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাইবান্ধায়। সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পাঁচজন মারা গেছেন। সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা এলাকায় একসঙ্গে তিনজনের মৃত্যু হয়, যাদের মধ্যে দুইজন কিশোর। একই ঘটনায় আহত হন একজন এবং একটি গরুও মারা যায়। ফুলছড়িতে ঘোড়ারগাড়ি চালানোর সময় বজ্রপাতে এক যুবক ঘোড়াসহ নিহত হন। সাঘাটায় বাড়ির পাশে ছাগল দেখতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়।

সিরাজগঞ্জে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক এবং ধান জড়ো করার সময় এক যুবক নিহত হন।

জামালপুরে সদর ও মেলান্দহ উপজেলায় দুইজন মারা গেছেন। একজন গৃহবধূ বাড়ির উঠানে রান্না করার সময় বজ্রপাতে আক্রান্ত হন। অন্যজন নদীপাড়ে গরু চরাতে গিয়ে মারা যান। এ ঘটনায় একটি গরুও মারা গেছে এবং একজন আহত হয়েছেন।

বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে এক যুবক প্রাণ হারান। নাটোরের সিংড়ায় চলনবিলে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়।

দিনজুড়ে এসব ঘটনায় আবারও স্পষ্ট হলো, ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান কতটা ঝুঁকিপূর্ণ। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঝুঁকি বেড়ে গেলেও সতর্কতার ঘাটতি থেকে যাচ্ছে। প্রতিবারের মতোই প্রাণহানির পর প্রশ্ন উঠছে, সচেতনতা ও প্রতিরোধে কার্যকর উদ্যোগ কবে দৃশ্যমান হবে।

এসএইচ