নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর  

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৩:০০ পিএম
ফাইল ছবি

দীর্ঘ ১০ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীর পাশাপাশি এবার বড় ধরনের সুখবর পেতে যাচ্ছেন পেনশনভোগীরাও। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনা করে পেনশনের হার ও চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের সুবিধার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুপারিশ অনুযায়ী, যারা বর্তমানে মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের মাসিক পেনশনের পরিমাণ প্রায় ১০০ শতাংশ বা দ্বিগুণ বাড়তে পারে। এছাড়া ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

পেনশনভোগীদের বয়স বিবেচনায় নিয়ে চিকিৎসা ভাতায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত তালিকায় ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতার কথা উল্লেখ করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ও ওষুধের বাড়তি দামের কথা মাথায় রেখেই এই মানবিক সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির চাপ সামলাতে একবারে নয়, বরং তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুনর্গঠিত পে-স্কেল কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ তৈরির কাজ শুরু করেছে, যা খুব শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ে জমা দেওয়া হবে। কমিটির সদস্যরা জানিয়েছেন, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে সরকারের ওপর এককালীন বড় ধরনের আর্থিক চাপ পড়বে না, আবার সরকারি কর্মচারী ও পেনশনভোগীরাও স্বস্তি পাবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এই নতুন পে-স্কেলের প্রতিফলন ঘটাতে কাজ চলছে। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নতুন এই বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের পাশাপাশি প্রবীণ পেনশনভোগীদের জীবনেও বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

এসএইচ