নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:১৩ পিএম
ফাইল ছবি

সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত বেতন কমিশন তাদের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের এই কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। কমিশনের নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। বেসামরিক কর্মচারীদের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ও সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

তিনটি প্রতিবেদনের সুপারিশ বিশ্লেষণ করে তা বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য বর্তমান সরকার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করবে। প্রস্তাবিত এই কাঠামোতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

নতুন এই কাঠামোতে আগের মতো ২০টি গ্রেড বহাল রাখা হলেও বেতন বৃদ্ধির হার ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯ দশমিক ৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ধাপের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য প্রচলিত ২০টি ধাপের বাইরে আলাদা বেতনক্রম নির্ধারণের কথা বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

এসএইচ