সৌদি পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১২:৩৩ পিএম

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৫০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট রয়েছে।

সর্বশেষ মৃত্যুর ঘটনায় জানা যায়, টাঙ্গাইলের গোপালপুরের ৭৫ বছর বয়সী মো. এ মজিদ মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।

এখন পর্যন্ত মৃত্যুবরণকারী ১৫ জন হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।

এম