ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। ডেথ রেফারেন্স শুনানির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে রায় কার্যকর করতে আর কোনো সময়ের বিলম্ব হবে না।
রোববার (৭ জুন) দুপুরে পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার রায়ের পর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন সেটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। সাধারণত ডেথ রেফারেন্সের শুনানি সিরিয়াল অনুযায়ী হয়- আগেরটা আগে, পরেরটা পরে। তবে ব্যতিক্রম হিসেবেও দুই-একটি ঘটনা ঘটেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরাও বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনবো এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে বলব, যাতে এই হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানিটা আইনানুগভাবে কিছুটা এগিয়ে আনা যায়।
তিনি আরও বলেন, ডেথ রেফারেন্স শুনানির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে কার্যকর করতে আর কোনো সময়ের বিলম্ব হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পল্লবীর শিশু হত্যা মামলা দেশের বিচারিক ইতিহাস ও পুলিশের তদন্ত কার্যক্রমে একটি ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হতে পারে।
পিএস