ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (১১ জুন)। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট উপস্থাপন করবেন। বাজেটে দেশের ৪২ লাখ ৫০ হাজার কৃষকদের ‘কৃষক কার্ড’ দেওয়ার ঘোষণা আসবে।
বাজেটে দেশের কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। এ লক্ষে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করে।
এরই অংশ হিসেবে আগামী অর্থবছরে দেশের ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল কৃষকক এই কার্ড প্রদান করবে সরকার।
এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার ২৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। আগামী বাজেটে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ সরকার ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে।
পিএস