মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় সুখবর দিল সরকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:১৬ পিএম
ফাইল ছবি

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা কাটতে যাচ্ছে। আগামী মাস অর্থাৎ জুলাইয়ের মধ্যেই দেশটির শ্রমবাজার উন্মুক্ত হওয়া নিয়ে একটি বড় ধরণের সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সাথে তিনি আশ্বস্ত করেছেন, সম্প্রতি সমাপ্ত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ইতিবাচক ফলাফলও আগামী মাস থেকে পুরোপুরি দৃশ্যমান হতে শুরু করবে।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এই রাষ্ট্রীয় সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়ার সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার ফলে শ্রমবাজার উন্মুক্তকরণ ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব হয়েছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও আশা প্রকাশ করেন, এই সফল কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় আগামী জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। তাদের এই সফরের মাধ্যমেই চলমান বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সুনির্দিষ্ট ও দৃশ্যমান অগ্রগতি দেশের সাধারণ মানুষ ও মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীরা দেখতে পাবেন। ফলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের দীর্ঘশ্বাস এবার কাটতে যাচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

এসএইচ