পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:৪৪ পিএম
ফাইল ছবি

দেশের অর্থনৈতিক দিক বিবেচনায় রেখেই নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি উল্লেখ করেছেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে রাজনৈতিক নির্দেশনার আলোকে।

বিবিসির সঙ্গে এক আলাপকালে এই উপদেষ্টা বলেন, ইশতাহারে বলা হয়েছে যে যথাসময়ে এটি বাস্তবায়ন করা হবে এবং সেই অনুযায়ী একটি রিভিউ করা হয়েছে।

তবে কবে নাগাদ নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে, সে প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। নতুন পে-স্কেলে বেতন-ভাতা একসঙ্গে কার্যকর না করার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কয়েকটি ধাপে এটি করা হবে এবং প্রথমেই বাড়ানো হবে বেসিক বা মূল বেতন। তবে কোন গ্রেডের কর্মচারীর বেতন কত হতে পারে, সে বিষয়ে এখনই কিছু জানাতে রাজি হননি তিনি।

উপদেষ্টা বলেন, গেজেট চূড়ান্ত করতে সরকার বর্তমানে পর্যালোচনা করছে। এই পর্যালোচনা এবং রাজনৈতিক দিকনির্দেশনার আলোকেই পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ বেতন বৃদ্ধির এই গেজেট প্রকাশ করা হতে পারে।

এর আগে জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তব্যে নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সে সময় তিনি জানিয়েছিলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আগামী পহেলা জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার ঘোষণা দেন অর্থমন্ত্রী।

এসএইচ