ডিআরইউতে চিফ রিপোর্টারদের মতবিনিময়

সাংবাদিকদের মানোন্নয়ন ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের আহ্বান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমের চিফ রিপোর্টারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকরা পেশাগত মানোন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রমের সম্প্রসারণ, আধুনিক প্রশিক্ষণ এবং জরুরি ভিত্তিতে নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দেন তারা।

রোববার (১৯ জুলাই) দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে আমার দেশের চিফ রিপোর্টার এম আবদুল্লাহ সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের দাবি জানান। তিনি বলেন, ২০১৩ সালের পর সাংবাদিকদের বেতন বাড়েনি এবং নবম ওয়েজবোর্ডও বাস্তবায়ন হয়নি। তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অবসরভাতা ও বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করারও দাবি তোলেন।

আন্তর্জাতিক মানের সাংবাদিক গড়ে তুলতে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিদ্দিক ইসলাম এআই ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদের সালাম জুবায়ের ডিআরইউর ঐতিহ্য ধরে রাখার কথা বলেন এবং ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ নতুন সাংবাদিকদের জন্য সুশৃঙ্খল প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের মসিউর রহমান খান সংগঠনটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পরিচালনার পরামর্শ দেন।

ডেইলি স্টারের পার্থ প্রতীম ভট্টাচার্য সাংবাদিকদের ওপর হামলা-মামলার বিষয়ে সরকারের সঙ্গে কার্যকর আলোচনার আহ্বান জানান। সংগ্রামের নাসির উদ্দিন শোয়েব ডিআরইউ কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর করার প্রস্তাব দেন। বাসসের দিদারুল আলম তরুণ সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলার তাগিদ দেন এবং বাসসের (ইংরেজি) রাজিব হোসেন ডিআরইউর অরাজনৈতিক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব দেন।

মানবজমিনের লুৎফর রহমান বিশেষায়িত প্রশিক্ষণের ওপর জোর দেন এবং কালের কণ্ঠের শরিফুল আলম সুমন প্রতি বছর এই ধরনের সভা আয়োজনের প্রস্তাব করেন। আজকের পত্রিকার শহীদুল ইসলাম খান সাংবাদিকদের জন্য সপ্তাহে দুই দিন ছুটি কার্যকরের দাবি জানান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) আবুল কাশেম সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ডিআরইউকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সরকারি অনুদান আনার ব্যাপারে জোর দেন।

সময়ের আলোর মামুন হোসেন সদস্যদের মধ্যে ফেলোশিপ চালু করার প্রস্তাব দেন এবং রাইজিংবিডির নইমুদ্দিন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের জন্য অভিন্ন ওয়েজ বোর্ড বাস্তবায়নের আহ্বান জানান।

এছাড়া বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইসমাইল হোসেন মাল্টিমিডিয়া প্রচার বাড়ানোর, আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের, দেশ রূপান্তরের উৎপল রায় ডিআরইউ প্রাঙ্গণে ব্যাংকের বুথ স্থাপনের এবং টাইমস অব বাংলাদেশের সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে ভুয়া সাংবাদিকদের প্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, পেশাগত অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, নিম্ন বেতন ও হামলা-মামলা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ডিআরইউ নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, ডিআরইউ প্রাঙ্গণে আধুনিক মসজিদ কমপ্লেক্স, হেলথ কর্নার, স্থায়ী আয়ের উৎস এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি ট্রেনিং ইনস্টিটিউট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এই ট্রেনিং ইনস্টিটিউট চালু করা হবে বলে জানান তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল। সেখানে সদস্যদের পাশাপাশি তাদের সন্তানদের জন্যও তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন ভাষার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

মতবিনিময় সভায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ