ঢাকা: ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা, এরপর মন্ত্রী এবং এবার দেশের রাষ্ট্রপতি। দীর্ঘ চার দশকের বেশি সময়ের রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা আন্দোলন, কারাবরণ ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদে ভোটের মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি'র চেয়ারম্যান অলি আহমদ। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী।
[274714]
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় দলটির মনোনয়নে নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার মেয়াদের দেড় বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন গত ২৪শে জুলাই।
চলতি মাসের শুরুতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করলে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়।
আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর আগামী পাঁচ বছরের জন্য বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসতে বিএনপির কঠিন সময়ে দলকে নেতৃত্ব দেয়া এবং 'ক্লিন ইমেজে'র রাজনীতিক বলে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক পথ।
ছাত্রজীবনে ছাত্র রাজনীতি, সেখান থেকে শিক্ষকতা, সে পেশা ছেড়ে ফের রাজনীতির মাঠ। রাজনীতিতে নেমেই নির্বাচিত হয়েছিলেন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান।
এসআই