ঢাকা: সরকার গঠনের ৬ মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রি সভায় নতুন করে চার জন ডাক পেয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গবভনে নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন। মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের রদবদলেরও প্রস্তুতি চলছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোন মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। নতুন চার সদস্যের মধ্যে কারও কারও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় সব আয়োজনও সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। তাঁর শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
পিএস