সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত ও প্রতিক্ষীত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে যেকোনো সময় এটি জারি হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো। সম্ভাব্য তারিখ হিসেবে বৃহস্পতিবার দিনভর সরকারি কর্মচারীরা গেজেটের জন্য অপেক্ষায় থাকলেও, ঠিক কখন তা প্রকাশ পাবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সময় নিশ্চিত করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের খবর, নতুন বেতন কাঠামোর খসড়া তৈরি থেকে শুরু করে প্রতিটি প্রশাসনিক ধাপ ও আইনি ভেটিং প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। প্রজ্ঞাপন জারির পূর্বে যেটুকু শেষ মুহূর্তের প্রস্তুতি প্রয়োজন, তা নিয়ে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল অনুবিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রজ্ঞাপন প্রকাশে তাদের দিক থেকে কোনো বিলম্বের ইচ্ছে নেই; স্রেফ দাপ্তরিক প্রক্রিয়াগত সময়টুকুই লাগছে।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেল অনুমোদন পায়। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত রূপ লাভ করে। প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই এই কাঠামো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের পথ সুগম হবে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের একটি ইঙ্গিত দিলেও প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাড়তি কিছুটা সময় প্রয়োজন হচ্ছে বলে জানা গেছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই বহুল কাঙ্ক্ষিত এই গেজেট প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এসএইচ