যুবদলের সমাবেশে তারেকের জন্যও চেয়ার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৫:০২ পিএম

ঢাকা: বিএনপির বিভিন্ন সমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হলেও এবার যুবদলের সমাবেশে তারেক রহমানের জন্যও রাখা হলো চেয়ার।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘যুব সমাবেশ’ চলছে। এতে খালেদা জিয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চে চেয়ার ফাঁকা রাখা হয়েছে। 

দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে তার প্রতি সম্মান জানিয়ে একটি চেয়ার ফাঁকা রাখা হতো। মাঝে বেশ কয়েক বছর এই রীতি বন্ধ থাকলেও সর্বশেষ খুলনায় অনুষ্ঠিত সমাবেশের মঞ্চে খালেদা জিয়ার জন্য একটি চেয়ার ফাঁকা রাখা হয়। আর আজ প্রথম কোনো সমাবেশে খালেদা জিয়ার পাশাপাশি লন্ডনে বসবাসরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চে একটি চেয়ার ফাঁকা রাখা হলো। 

সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। সঞ্চালনায় রয়েছেন সম্পাদক মোনায়েম মুন্না।

সোনালীনিউজ/আইএ