ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশ আহ্বান করেছে গণঅধিকার পরিষদ।
আগামী শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির অভিযোগ, গত শুক্রবার রাজধানীর আল রাজি কমপ্লেক্সে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ ও সেনা সদস্যরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। হামলায় সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় দলীয় কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুরও চালানো হয়।
[255875]
গণঅধিকার পরিষদ বলছে, সরকারের পক্ষ থেকে বিচার হবে বলে আশ্বাস দেওয়া হলেও ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
দলের পক্ষ থেকে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার নুরুল হক নুরের মতো নেতার ওপর এমন নির্মম হামলা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত বহন করে। এটি কেবল গণঅধিকার পরিষদের ওপর নয় বরং গোটা জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত।
এআর