বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। তিনি বলেন, ‘যারা জান্নাতের টিকেট বিক্রি করতে চাইছে, তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলের রাজনীতি ঢাকায় মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লীতে। দেশের মানুষ একাত্তরের চেতনা গ্রহণ করেনি। একইভাবে জুলাইয়ের চেতনাও কেউ বিক্রি করতে পারবে না।’
তিনি বলেন, ‘মানুষ এখন ভাষণ নয়, কাজ ও শোষণমুক্ত রাজনীতি পছন্দ করে। এছাড়া হত্যার বিচার দীর্ঘ প্রক্রিয়া হলেও ইতিমধ্যে তা শুরু হয়েছে। আগামীতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দল আরও বৃদ্ধি পাবে।’
বিএনপির এই নেতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, কিন্তু সকলে ঐক্যবদ্ধ থাকলে তা সফল হবে না।’
তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে গুজবের বিরুদ্ধে জবাব দেওয়ারও পরামর্শ দেন।
এসএইচ