তারেক রহমানকে বরণে উৎসবমুখর পূর্বাচল, ৩০০ ফিট সড়কজুড়ে জনসমুদ্র

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:০৪ এএম

রাতের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠেছে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক। শীতের কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে রাতভর সেখানে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাজারো নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। ক্লান্তির বদলে সবার চোখেমুখে ছিল উৎসবের উচ্ছ্বাস।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর প্রবাসজীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন পূর্বাচলে। অনেকেই রাস্তাতেই রাত কাটিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কুড়িল এলাকা থেকে শুরু করে মঞ্চ প্রাঙ্গণ পর্যন্ত তিল ধারণের জায়গা নেই। চারপাশে একটিই স্লোগান ঘুরে ফিরে শোনা যাচ্ছে— ‘লিডার আসছে’।

দলের নেতাকর্মীদের মতে, নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা পেরিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে আরও শক্তিশালী করবে। তার নেতৃত্বেই নতুন করে সংগঠিত হবে দেশের রাজনীতি—এমন প্রত্যাশা তাদের।

এদিকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার)-এ করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। ফ্লাইটটি বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের পোষা বিড়াল। এছাড়া সঙ্গে আছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

এম