সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী। জয় নিশ্চিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ওই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
শিশির মনির বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”
নাছির চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট রুদ্র মিজান জানিয়েছেন, রাত ৮টার পর্যন্ত ১১১টি কেন্দ্রের মধ্যে ৮৮টির ফলাফলের ভিত্তিতে নাছির চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। এতে ৩১ হাজার ৮২০ ভোটে এগিয়ে রয়েছেন নাছির চৌধুরী।
মোহাম্মদ শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। নাছির চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য।
বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী এর আগে পাঁচবার জাতীয় সংসদ এবং দুবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালের ১২ জুন তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এসএইচ