বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ব্যাপক ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বেসরকারিভাবে ফলাফলে বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আল হেলাল তালুকদারের ভোট সংখ্যা ৩৯ হাজার ৩০৯। ফলে বাবরের জয় ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৪২ ভোট। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা এখনও বাকি।
এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেসুর রহমান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের জলি তালুকদার এবং বাংলাদেশ রেভল্যুশনারি ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
বাবরের জয়ের খবরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে এবং মিষ্টি বিতরণ করেছে।
ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভিড় লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পায়। তরুণ ভোটারদের অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়েছে। ভোটাররা আগামীর বাংলাদেশ গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন ফলাফল প্রকাশের অপেক্ষা।
এসএইচ