ফল মেনে নিয়ে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকার বার্তা জামায়াত আমিরের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৩৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, দল দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে সংসদে ভূমিকা রাখবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুরু থেকেই দল একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান থেকে তারা সরে যায়নি। সামগ্রিক নির্বাচনী ফলাফল মেনে নিয়ে আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেন তিনি।

আমির বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকের অবদান দল কখনও ভুলবে না। অনেকেই সময়, শ্রম ও সাহস দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন; কেউ কেউ ভয়ভীতি ও হয়রানির মুখোমুখিও হয়েছেন। তাদের এই ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন তিনি।

দলের অর্জনের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান জানান, এবারের নির্বাচনে ৭৭টি আসনে জয় পেয়ে সংসদে দলীয় উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মাধ্যমে দলটি জাতীয় রাজনীতিতে শক্তিশালী বিরোধী ব্লক হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে উত্থান-পতন স্বাভাবিক। অতীতের উদাহরণ তুলে ধরে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাত্র ৩০টি আসন পেলেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০২৬ সালে সরকার গঠন করেছে। তাই জনগণের আস্থা অর্জন, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াকেই এখন অগ্রাধিকার দিচ্ছে জামায়াত।

পোস্টের শেষাংশে তিনি বলেন, তাদের রাজনৈতিক আন্দোলন কেবল একটি নির্বাচনে সীমাবদ্ধ নয়; বরং গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করা, নাগরিক অধিকার রক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই দল কাজ করে যাবে। শান্তিপূর্ণ ও নীতিভিত্তিক রাজনীতির প্রতি অঙ্গীকার অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এম