ডেপুটি স্পিকার পদ জামায়াতের আলোচনায় যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:০০ পিএম
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধী দল হিসেবে বিএনপি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে জামায়াতের প্রার্থী প্রস্তাব দিয়েছে। এ ঘোষণার পরই দলটির প্রবীণ ও নবীন নেতাদের নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যে পাঁচজন সংসদ সদস্যের নাম আলোচনায় এসেছে।

সবচেয়ে বেশি আলোচনায় আছেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী-এর সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (পাবনা-১) এবং সাবেক শীর্ষ নেতা মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান (ঢাকা-১৪)। সংসদীয় রীতি অনুযায়ী আইনজ্ঞদের এই পদে অগ্রাধিকার দেওয়ার প্রথা থাকায় তাদের সম্ভাবনা জোরালো বলে মনে করছে দলের একটি অংশ।

গতকাল ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ডেপুটি স্পিকার পদে এগিয়ে আছেন ব্যারিস্টার মোমেন।

অপরদিকে, অপেক্ষাকৃত কম বয়স বিবেচনায় প্রবীণ নেতাদের নামও আলোচনায় রাখা হয়েছে। অভিজ্ঞ নেতাদের মধ্যে রয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (রাজশাহী-১), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪) এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২)। অধ্যাপক মুজিবুর রহমান একাধিকবার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন, আর রফিকুল ইসলাম খান ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

তবে ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে জামায়াত এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপির আন্তরিকতা পর্যবেক্ষণ করছে জামায়াত। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত না হলে দলটি এই পদ গ্রহণ নাও করতে পারে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ডেপুটি স্পিকার পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জামায়াত-এনসিপিসহ ১১ দলের সংসদীয় টিমের সঙ্গে আলোচনা করা হবে।

এসএইচ