মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিকদল, ১৭ জনের নাম ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:৩৪ এএম

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে নতুন রাজনৈতিক উদ্যোগ ‘অলটারনেটিভস’-এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন পৃথক পোস্টের মাধ্যমে এ কমিটির ঘোষণা দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক ধারণার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে ‘অলটারনেটিভস’ উদ্যোগের লক্ষ্য হচ্ছে নতুন রাজনৈতিক চিন্তা ও সংগঠনের মাধ্যমে সেই প্রত্যাশাকে পুনরুজ্জীবিত করা।

সংগঠনটি জানিয়েছে, নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার চেষ্টা করবে। ভবিষ্যতে দেশব্যাপী কার্যক্রম পরিচালনার মূল নেতৃত্বও এ কমিটির হাতেই থাকবে।

কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠন সম্ভব নয়। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করাই ‘অলটারনেটিভস’-এর প্রধান লক্ষ্য।

সংগঠনের সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় আয়োজিত একটি আলোচনা সভার মধ্য দিয়ে ‘অলটারনেটিভস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এম