যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহাবশেষ: মিলল চাঞ্চল্যকর তথ্য

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:২২ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবারও মানুষের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, যে জলাশয় থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেখানকার কাছাকাছি স্থান থেকেই নতুন করে খণ্ডিত দেহাবশেষ পাওয়া গেছে।

হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয়ের সঙ্গে যৌথ অভিযানে পানির নিচ থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে দেহাবশেষগুলোর পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে এগুলো নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির কিনা, তা জানতে ডিএনএ পরীক্ষাসহ বিস্তারিত তদন্ত চলছে।

উল্লেখ্য, লিমনের মরদেহ উদ্ধারের পর থেকেই একই ঘটনায় নিখোঁজ থাকা বৃষ্টিকে খুঁজে পেতে তল্লাশি চালিয়ে আসছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। ডুবুরি দল, ড্রোন এবং বিশেষায়িত ইউনিট ব্যবহার করে অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, প্রমাণ নষ্ট এবং মৃতদেহ গোপনের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন বলছে, এটি অত্যন্ত সংবেদনশীল ও চলমান তদন্ত। সাম্প্রতিক সময়ে নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে উদ্ধার হওয়া দেহাবশেষের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনায় ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার ফলাফলই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফলে এখন নজর রয়েছে পরীক্ষার ফল এবং পুলিশের পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

এম