সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৩:১৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১১৬টি হজ ফ্লাইটে মোট ৪৫ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 

সোমবার (৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।
 
এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২১ হাজার ৬৮৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৪২টি ফ্লাইটে ১৫ হাজার ৮৬১ জন ও ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৮৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
 
এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১ ট ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
 
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

পিএস