ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৪৯টি ফ্লাইটে মোট ৫৭ হাজার ৯৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৪ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৪টি ফ্লাইটে ২০ হাজার ২৫৭ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২২১ জন ও ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১ ট ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
পিএস