২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে-এ নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও হিজরি ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী বছরের রমজান ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জর্দান নিউজের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে পড়তে পারে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, রমজান শুরুর আগে ১৪৪৮ হিজরি সালের শাবান মাসের ২৯ তারিখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা ও মাসের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্ত হবে।
হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি রবিবার মাসটি শেষ হবে। এরপর ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল ফিতর কবে?
২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও রমজান মাসের দৈর্ঘ্যের ওপর নির্ভর করবে। বর্তমান হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ঈদুল ফিতর ১০ মার্চ ২০২৭, বুধবার পালিত হতে পারে।
তবে রমজান ও ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই সৌদি আরবসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত চাঁদ দেখা ও ঘোষণার পর তারিখ নিশ্চিত হবে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এসএইচ